শনিবার   ১৭ অক্টোবর ২০২৬ || ১ কার্তিক ১৪৩৩

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১০:১২, ২৪ সেপ্টেম্বর ২০২৬


গাইবান্ধায় কুকুর-শিয়ালের উপদ্রব, তদন্তে প্রাণিসম্পদের রোগতত্ত্ব বিভাগ

গাইবান্ধায় কুকুর-শিয়ালের উপদ্রব, তদন্তে প্রাণিসম্পদের রোগতত্ত্ব বিভাগ
সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে কুকুরের কামড়ে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু এবং সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ নয়জন আহত হওয়ার ঘটনায় মাঠে নেমেছে প্রাণিসম্পদ অধিদপ্তরের রোগতত্ত্ব বিভাগের উচ্চপর্যায়ের পর্যবেক্ষণ টিম। একই সঙ্গে সুন্দরগঞ্জে অসুস্থ গাভীর মাংস কাটতে অংশ নেওয়া কয়েকজনের শরীরে ফোসকা দেখা দেওয়ার ঘটনাও পর্যবেক্ষণে নিয়েছে দলটি।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন গাইবান্ধার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) ডা. মো. জোবাইদুল কবীর।

তিনি জানান, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী সরেজমিনে পরিদর্শন করে প্রাদুর্ভাবের উৎস ও কারণ অনুসন্ধানে সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জের আক্রান্ত তিনটি এলাকায় নমুনা ও তথ্য সংগ্রহ করেছে ঢাকা ও রংপুরের সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের এই পর্যবেক্ষক টিম। এদিন সুন্দরগঞ্জে অসুস্থ গাভীর মাংস কাটতে অংশ নিয়ে বেশ কিছু সংখ্যক মানুষ অসুস্থ হওয়ার তথ্য ও নমুনাও সংগ্রহ করে দলটি।

চার সদস্যের টিমে রয়েছেন- আহ্বায়ক রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের ডেপুটি চিফ এপিডেমিওলজিস্ট ডা. রফিকুল আলম। এছাড়াও অপর তিন সদস্য হলেন- ঢাকার ভাইরোলজি অনুবিভাগের (সংযুক্তি) ডা. সাজেদুল হায়াত, প্রাণিসম্পদ অধিদপ্তরের এপিডেমিওলজি (সংযুক্তি) ডা. কামরুন্নাহার আকতার এবং স্ট্রাইডস বাংলাদেশের একজন প্রতিনিধি।

কুকুরের কামড়ে শিশুর মৃত্যু 

গত ২১ সেপ্টেম্বর সাদুল্লাপুরের কামারপাড়া ইউনিয়নের হাটবামুনী গ্রামে একটি কুকুরের কামড়ে সিনথিয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়। একই কুকুরের কামড়ে আহত হন একই এলাকার রাকিব হোসেন (২৬) নামে এক যুবক।

নিহত শিশু সিনথিয়া সাদুল্লাপুর উপজেলার উত্তর হাটবামুনী গ্রামের সনজু মিয়ার মেয়ে। আহত রাকিব একই এলাকার আকবার আলীর ছেলে। তিনি হোটেল শ্রমিক হিসেবে কাজ করেন।

সাদুল্লাপুর উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ বিভাগ ও নিহতের পরিবার সূত্র জানায়, ২১ সেপ্টেম্বর বিকেলে সিনথিয়া আক্তার প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে একটি কুকুর তাকে ধাওয়া করে এবং একপর্যায়ে সিনথিয়ার গলায় কামড় দেয়। এতে শিশুটির শ্বাসনালীতে রক্তাক্ত ক্ষত হয়ে গুরুতর আহত হয়। একই সময় কুকুরটি রাকিবকেও কামড় দেয়।

পরে স্বজন ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সিনথিয়াকে মৃত ঘোষণা করেন। অপরদিকে রাকিবকে চিকিৎসা দেওয়া হয়। রাকিবের হাতে কামড় দেয় কুকুরটি।

সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তানভীক জাহান বলেন, গতকাল (২১ সেপ্টেম্বর) কুকুরের কামড়ে সাত বছর বয়সী শিশু সিনথিয়ার মৃত্যু হয়েছে। একই কুকুরের কামড়ে আহত হয়েছে আরও এক যুবক। কুকুরটিকে মেরে ফেলা হয়েছে।

তিনি জানান, শিশুটির গলায় কামড়ে শ্বাসনালীতে গভীর ক্ষত হয়েছিল। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ঘাতক কুকুরটি জলাতঙ্ক বা রেবিসে আক্রান্ত কি না তা নিশ্চিত হতে মাটিতে পুঁতে রাখা কুকুরটির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

শিয়ালের কামড়ে আহত ৯

অন্যদিকে গত ২০ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে একটি শিয়ালের কামড়ে চার শিশু ও নারীসহ নয়জন আহত হয়েছেন। একই শিয়ালের কামড়ে আক্রান্ত হয়েছে দুটি গরুও।

আহতরা হলেন- জিগাবাড়ী গ্রামের মুকুল মিয়ার স্ত্রী রাবেয়া বেগম (৩৮), তার ছেলে রাকিবুল হাসান (১৩), ইয়াকুব আলীর ছেলে এনামুল হক (২৬), আব্দুল আহাদ আলীর মেয়ে আয়শা আক্তার (৩) ও মো. আব্দুর রহিমের ছেলে হাসান মিয়া (৭)।

একই ইউনিয়নের তালুক বেলকা গ্রামের জমশের আলীর স্ত্রী লিলি বেগম (৩৫), মৃত কামাল উদ্দিনের ছেলে সাদেক হোসেন (৭০), আব্দুল হান্নান মিয়ার স্ত্রী আফরুজা বেগম (৩৭) এবং শফিউল ইসলামের ছেলে শাওন মিয়া (৬)।

সুন্দরগঞ্জ হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা নামের দুটি গ্রামে তাণ্ডব চালায় একটি শিয়াল। ওইদিন বিকেলে কিছু বুঝে ওঠার আগেই শিয়ালটি পথচারী ও বাড়ির আশপাশে থাকা চার শিশু ও নারীসহ নয়জনের মুখে, ঠোঁটে, কপালে ও হাতে কামড় দেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়। পরে স্থানীয়রা শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে।

শিয়ালের কামড়ে আহত লিলি বেগমের জা (দেবরের স্ত্রী) ইসমোতারা বেগম মোবাইল ফোনে ঢাকা পোস্টকে জানান, আসরের আজানের দিকে জমির আইলে সাদেক হোসেন নামের তাদের এক প্রতিবেশীকে শিয়ালটি কামড়াতে থাকে। এ অবস্থা দেখে লিলি বেগম তাকে আগাইতে গেলে শিয়ালটি লিলি বেগমের কপালে কামড়ে গোশত ছিঁড়ে নেয়। সাদেক হোসেনের গাল ও কপালে কামড়িয়েছে শিয়ালটি। 

অসুস্থ গাভীর মাংস কাটায় আক্রান্ত

এছাড়াও গত ১১ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব বাছহাটি গ্রামের মঞ্জুরুল ইসলাম নামের এক ব্যক্তির একটি অসুস্থ ফ্রিজিয়ান গাভী জবাই করে মাংস কাটতে বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশ নেন। এর কয়েকদিন পর প্রথমে ৪ জনের শরীরে এবং পরে অন্তত ১০ থেকে ১৫ জনের শরীরের বিভিন্ন অংশে ফোসকা (অ্যানথ্রাক্সের উপসর্গ) দেখা দেয়। পরে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে তাদের শরীরের ফোসকার বিষয়গুলো অ্যানথ্রাক্সের উপসর্গ বলে নিশ্চিত হন।

শিয়ালের মাথা ও কুকুরের নমুনা পাঠানো হয়েছে ঢাকায় 

গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) ডা. মো. জোবাইদুল কবীর ঢাকা পোস্টকে বলেন, শিয়াল ও কুকুরের কামড়ে আক্রান্তদের মধ্যে কোনো উপসর্গ দেখা দেয় কি না তা পর্যবেক্ষণ করা হচ্ছে। সুন্দরগঞ্জের শিয়ালটির মাথা ও সাদুল্লাপুরের কুকুরটির নমুনা সংগ্রহ করে র‍্যাবিস রোগ নিশ্চিতকরণ ও ল্যাব গবেষণার জন্য ইতোমধ্যে ঢাকার সিডিআইএলে (সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরি) পাঠানো হয়েছে।

তিনি বলেন, দুই উপজেলায় কুকুর ও শিয়ালের কামড়ে মানুষ ও গবাদিপশু আক্রান্তের ঘটনায় এপিডেমিওলজি (রোগতত্ত্ব) ইউনিট থেকে একটি উচ্চপর্যায়ের ডিজিজ ইনভেস্টিগেশন টিম এসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করে এসবের প্রাদুর্ভাবের উৎস ও কারণ অনুসন্ধানে কাজ করছে।

র‍্যাবিস নিয়ে সতর্কবার্তা

ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট পদের বিপরীতে থাকা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. তানভীর রহমান কল্লোল বলেন, র‍্যাবিস এমন একটি ভাইরাসজনিত রোগ, রোগটি স্নায়ুতন্ত্র হয়ে মস্তিষ্কে পৌঁছায়। তাই মাথার যত কাছাকাছি কামড়ের ক্ষতস্থান হবে ততদ্রুত সংক্রমণ ঘটতে পারে। এর প্রায় সব ক্ষেত্রেই মৃত্যু অনিবার্য হতে পারে বলেও জানান এ চিকিৎসক।

তিনি বলেন, কুকুর-শিয়াল এসব প্রাণী জলাতঙ্কের জীবাণুবাহী প্রাণী। এদের শরীরে যখন র‍্যাবিসের সংক্রমণ ঘটে তখন এরা মানুষ এবং অন্য প্রাণীদের কামড়ায়। র‍্যাবিস আক্রান্ত প্রাণীর কামড় নিশ্চিত হলে ১৫ থেকে ২০ মিনিট ধরে সাবান ও পানি দিয়ে ক্ষতস্থান ধুতে হবে। এরপর দ্রুত ভ্যাকসিন নিতে হবে। ক্ষত গভীর হলে অবশ্যই আরআইজি নিতে হবে।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রওজাতুন জান্নাত ঢাকা পোস্টকে বলেন, আমি কয়েকটি দপ্তরের প্রধানসহ আক্রান্ত এলাকা পরিদর্শন করেছি। উপজেলার সকল কুকুরকে ভ্যাকসিনের আওতায় আনতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত টিকা (ভ্যাকসিন) মজুত আছে জানিয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এর আগেও কুকুরের কামড়ে ৫ জনের মৃত্যু

চলতি বছরের ২২ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলায় একটি পাগলা কুকুরের কামড়ে ভ্যাকসিন নেওয়ার পরেও ৬ মে থেকে ১৩ মে এর মধ্যেই মাত্র এক সপ্তাহে তিন নারী ও দুই পুরুষসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত ছিলেন নারী ও শিশুসহ আরও ২১ জন।

ওইদিন সকাল সাড়ে ৯টা থেকে ১১টার মধ্যে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ৪, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের কঞ্চিবাড়ি, বজরা কঞ্চিবাড়ি, সতীরজানসহ কয়েকটি গ্রামে তাণ্ডব চালিয়েছিল পাগলা কুকুরটি। 


অনলাইন জরিপ

শনিবার   ১৭ অক্টোবর ২০২৬ || ১ কার্তিক ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ৩২৩জন

শিরোনাম