গাইবান্ধায় ‘নারী-পুরুষের সমান অর্থনৈতিক অধিকার’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সমাজের টেকসই উন্নয়নের জন্য নারী ও পুরুষের সমান অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে গাইবান্ধায় এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার ঝিলপাড়া এলাকার ‘অ্যানালাইসিস একাডেমি পরিবার’ হলরুমে বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা জেলা শাখা এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম ঝিনুক।
তিনি তার বক্তব্যে বলেন, ‘নারী ও পুরুষের সমান অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা ছাড়া সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। পারিবারিক ও সামাজিক কাঠামোতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জরুরি।’
প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী শুভংকর শিতু। তিনি তথ্যপ্রযুক্তির আধুনিক কলাকৌশল ব্যবহার করে কীভাবে নারীরা অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারেন এবং সম-অধিকার প্রতিষ্ঠা করতে পারেন, তা বিস্তারিতভাবে তুলে ধরেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী হন ১০ম শ্রেণির শিক্ষার্থী ফাহমিদা, রক্তিম ও রাফি। এছাড়াও বিশেষ কৃতিত্বের জন্য সাকিব, সাহেদ, নিলয়, ইরা ও সুমাইয়াকে বিশেষ উপহার দেওয়া হয়। বিজয়ীদের হাতে প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের জনপ্রিয় বইগুলো তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের সভাপতি বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা জেলা শাখার সভাপতি হুমায়ূন আহমেদ বিপ্লব বলেন, ‘সমাজে সমতা ও ন্যায়ের ভিত্তি গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সচেতন করাই আমাদের মূল উদ্দেশ্য।’
শিক্ষার্থী ফাহমিদা তার প্রতিক্রিয়ায় জানায়, কর্মশালাটি শিক্ষার্থীদের মাঝে নারী পুরুষ সমান অর্থনৈতিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

















